নারী ও শিশুদের জন্য চালু করা হচ্ছে নতুন একটি ‘অ্যাপ’, যা তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষা করবে। এমনটাই জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
হঠাৎ কেউ কোনো স্থানে বিপদে পড়লে মোবাইল ফোনের একটি বাটন চাপলেই ভুক্তভোগীর আশপাশে অবস্থান করা পুলিশ সহযোগিতায় এগিয়ে আসবে। অ্যাপটিতে এমন ব্যবস্থা করা হচ্ছে বলে জানা যায়।
গতকাল শুক্রবার রাজধানীর পূর্বাচল সংলগ্ন একটি পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত এক বনভোজনে অংশ নিয়ে জাবেদ পাটোয়ারী এ কথা জানান।
তিনি বলেন, নারী ও শিশুদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষায় ‘অ্যাপ’টি কিছুদিনের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। পর্যায়ক্রমে এই ‘অ্যাপ’টি ছড়িয়ে দেয়া হবে সারাদেশে। দুই বছর আগে চালু হওয়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ পর্যন্ত ৫৮ লাখ ভুক্তভোগীকে সেবা দিয়েছে।
তিনি আরাে বলেন, পুলিশকে জনমুখী করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। পুলিশের ভুল ধরিয়ে দিলে গঠনমূলক পরিবর্তন আনা যায়। থানাকে মানুষের আস্থা ও জনবান্ধব করার চেষ্টা অব্যাহত আছে।
সেখানে আরো উপস্থিত ছিলেন পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুব হোসেন, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মনিরুল ইসলাম ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
আনন্দবাজার/ টি এস পি









