শেয়ারবাজারের ভয়াবহ দরতপনের কারণে আজ রোববার বিকেলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সঙ্গে বৈঠকে বসছে কেন্দ্রীয় ব্যাংক। বিএমবিএ'র সভাপতি ছায়েদুর রহমান জানান, বৈঠকে ব্যাংকের বিশেষ তহবিলসহ পুঁজিবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।
তিনি বলেন, শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ বিকেলে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠকে বসবো। বৈঠকে বিশেষ তহবিলের বিষয়সহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা হবে।
গত ১০ ফেব্রুয়ারি পুঁজিবাজারে বিনিয়োগের জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেয়া হয়। বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকগুলো এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে নিজস্ব উৎস অথবা ট্র্বেজারি বিল বন্ডের মাধ্যমে। বাংলাদেশ ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে এ তহবিলের অর্থ সংগ্রহ করতে পারবে ব্যাংকগুলো, যা পরিশোধের সময় পাবে পাঁচ বছর। আর ব্যাংকগুলো সর্বোচ্চ ৭ শতাংশ সুদে এ তহবিল থেকে ঋণ দিতে পারবে।
এই সুবিধার পর এক মাসের বেশি সময় কেটে গেলেও তহবিলের গঠনে ব্যাংকগুলোর পক্ষ থেকে তেমন সাড়া পাওয়া যায়নি।
ব্যাংকগুলোর তহবিল গঠনে এমন গড়িমসি করায় সংশ্লিষ্টদের অভিযোগ, শেয়ারবাজারে দরপতন হচ্ছে। গত সপ্তাহে একাধিক দিন বড় দরপতন হওয়ায় বিনিয়োগকারীদের বিনিয়োগ করা অর্থের পরিমাণ ১৬ হাজার কোটি টাকা কমেছে। আজ সোমবারও শেয়ারবাজারে বড় দরপতনে দিন শুরু হয়, যা অব্যাহত থাকে শেষ পর্যন্ত।
আনন্দবাজার/ টি এস পি









