ভারতে করোনায় একদিনে ৪ হাজার ১৯৪ জনের মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে। ২৪ ঘণ্টায় সেখানে শনাক্ত হয়েছে ৪ লাখের বেশি। দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার। এ পর্যন্ত আক্রান্ত ২ কোটি ১৮ লাখের বেশি।
করোনার বিস্তার রোধে সোমবার থেকে দুই সপ্তাহের কড়াকড়ি লকডাউনে যাচ্ছে কর্ণাটক। সেখানে প্রতিদিন গড়ে প্রায় ৫০ হাজার রোগী শনাক্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিকে, ভারতের গবেষকরা বলছেন, করোনাভাইরাস শুধু ফুসফুসের ক্ষতি করাই নয়, রক্তও জমাট বাঁধাচ্ছে। যার জন্য অল্প সময়ের মধ্যে রোগীর মৃত্যু হচ্ছে।
এদিকে, ভারতের জন্য সহায়তা হিসেবে ১৮ টনের তিনটি অক্সিজেন জেনারেটর পাঠিয়েছে যুক্তরাজ্য।
প্রায় এক সপ্তাহ ধরে ভারতে দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরেই রয়েছে। তবে সব রেকর্ড ভেঙে দৈনিক মৃত্যু এই প্রথমবার ৪ হাজার ছাড়িয়েছে।
গত মার্চের মাঝামাঝিতেও ভারতে এক দিনে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তারপর এপ্রিল মাস থেকে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে সংক্রমণ। বাড়ে মৃত্যুর সংখ্যাও।
গত ৩০ এপ্রিল ৪ লাখের বেশি মানুষের করোনা সংক্রমণ ধরা পড়ে ভারতে। তার আগে টানা ৯ দিন ধরে দৈনিক শনাক্তের সংখ্যা ছিল তিন লাখের বেশি। তারও আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল।
আনন্দবাজার/শহক









