করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউন থেকে বেরিয়ে আসতে শুরু করেছে বেশ কয়েকটি দেশ। এরই পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, লকডাউন প্রত্যাহারের বিষয়টি অবশ্যই পর্যায়ক্রমে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে। যদি এ লকডাউন দ্রুতগতিতে প্রত্যাহার কর হয়, সেক্ষেত্রে সংক্রমণ আবারও বেড়ে যাওয়ার সম্ভবনা রয়েছ। রয়টার্স সূত্রে জানা গেছে।
ডব্লিউএইচওর ওয়েস্টার্ন প্যাসিফিক অঞ্চলের আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই গতকাল এক অনলাইন প্রেস কনফারেন্সে বলেন, এখন পর্যন্ত সংক্রমণ প্রতিরোধে লকডাউনের পদক্ষেপ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। একদিকে নভেল করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে হবে; অন্যদিকে জনগণকেও নতুনভাবে বাঁচার জন্য তৈরি করতে হবে। যেন সমাজ অবস্থা সঠিকভাবে সচল হয়ে উঠতে পারে।
তাকেশি কাসাই আরও বলেন, আমাদের জীবনযাপন ও স্বাস্থ্য ব্যবস্থাকে এখন মহামারী পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার মতো করে গড়ে তুলতে হবে। অন্তত ততদিন পর্যন্ত যতদিন না একটি নতুন ভ্যাকসিন অথবা কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিস্কার হচ্ছে।
বিভিন্ন দেশের সরকার ইতোমধ্যে লকডাউন প্রত্যাহারের কার্যকর বিভিন্ন উপায় নির্ধারণের প্রয়াস চালাচ্ছে। এর মধ্যে কোনো কোনোটি সতর্কতার সাথে ধাপে ধাপে বিষয়টি কার্যকরের জন্য গাইডলাইনও ঘোষণা করেছে। এক্ষেত্রে দেশগুলোয় সরকারিভাবে সংক্রমণ পরিস্থিতির পর্যবেক্ষণ প্রক্রিয়া চলছে।
আনন্দবাজার/তা.তা









