বগুড়ার নন্দীগ্রামে বাড়ির ছাদে ফলের গাছ, নানা জাতের সবজি ও ফুলের চাষে আগ্রহ সৃষ্টি করতে উপজেলা কৃষি অফিসের ভবনে দৃষ্টিনন্দন ছাদবাগান করা হয়েছে। অফিসে কর্মব্যস্ততার ফাঁকে এ অক্সিজেনের কারখানা গড়ে তুলেছেন উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু। অফিস ভবনের ছাদ এখন ফুলে-ফলে আর সবুজের সমারোহ। এক সময়ের খালি ছাদ এখন দৃষ্টিনন্দন ছাদবাগান। কৃষি অফিসে বিভিন্ন পরামর্শ নিতে আসা কৃষক ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এই ছাদবাগান ঘুরে ঘুরে দেখছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ছাদবাগানে দেশী-বিদেশী হরেক রকম ফল, ফুল ঔষধি, সবজিসহ নানা ধরনের বৃক্ষমেলা। ছাদবাগানকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। কৃষি অফিসার মো. আদনান বাবু নিজেই বাগান পরিচর্যা করছেন এবং অফিসে কর্মরত সকলেই সহযোগিতা করেন। সবজি কর্ণার, ফুলের কর্ণার এবং ফলের কর্ণার। লাগিয়েছেন করলা, চিচিঙ্গা, টমেটো, বেগুন, মরিচ, ফুলকপি, বাঁধাকপি, লাল বাঁধাকপি, লাউ, শসাসহ নানা রকম সবজি। ভিন্নভাবে মাচা তৈরী করে সবজির চারা রোপন করেছেন। স্বাভাবিক মাচার পরিবর্তে ‘এ’ প্যাটার্নের মাচা তৈরী করা হয়েছে। যার ফলে অল্প জায়গাতেই অধিক সবজি চাষ করা সম্ভব হয়েছে। ফুলের কর্ণারে শোভা ছড়াচ্ছে গাঁদা, বেলী, নয়নতারা, কমলা রঙ্গন, লাল রঙ্গন, জবা, স্থল পদ্ম, বাগান বিলাস, পাতাবাহার, ক্যাকটাস সহ শোভাবর্ধনকারী হরেক রকম গাছ। ফলের কর্ণারে আম, থাই পেয়ারা, দেশী মাল্টা, আমড়া, কামরাঙ্গা, লেবু, কদবেল, সরিফাসহ নানা প্রজাতির ফলগাছ। বিদেশী ফল গাছের উপস্থিতিও চোখে পড়ার মতো। রয়েছে আপেল, নাশপাতি, চাইনিজ কমলা, রকমেলন সহ নানা জাতের ফলগাছ।
কৃষি অফিস বলছে, বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিদের ছাদবাগান পরিদর্শন করানোর মাধ্যমে গাছের যত্ন ও ব্যবস্থাপনা সম্পর্কে শেখানো হচ্ছে। এতে একদিকে যেমন কৃষি প্রযুক্তির বিস্তার ঘটছে, অন্যদিকে ছাদবাগান ও বৃক্ষরোপনে উৎসাহ বাড়ছে। ছাদের সৌন্দর্য বৃদ্ধি করে ছাদবাগান। এছাড়া পুষ্টি নিরাপত্তা নিশ্চিতের একটি বড় সুযোগ তৈরী করে। উৎসাহ পেয়ে পৌর সদরের কচুগাড়ী এলাকায় নিজ বাড়িতে ছাদবাগান গড়ে তুলেছেন সংবাদকর্মী মিজানুর রহমান মুকুল। বিভিন্ন জাতের সবজি এবং ফুলের চারা রোপন করেছেন তিনি।
উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু বলেন, কৃষির একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ হলো ছাদবাগান। এখন অনেকের বাড়িই বিল্ডিং করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যুগান্তকারী ঘোষনা প্রতি ইঞ্চি জায়গা আবাদের আওতায় নিয়ে আসার লক্ষ্যেই সকলকেই উৎসাহিত করার জন্য এই ছাদবাগান গড়ে তোলা হয়েছে। উৎসাহ পেয়ে অনেকে ছাদবাগান করার আগ্রহের কথা জানিয়েছেন। কেউ বাড়ির ছাদে বাগান করার উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করবো।








