রাজবাড়ী জেলার দৌলতদিয়া পদ্মা নদীতে জেলেদের জালে ৩৮ কেজি ওজনের বিশাল আকারের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া ৬নং ফেরিঘাটের অদূরে আক্কাস হালদারের বড় ফাসন জালে মাছটি ধরা পরে।
মাছটি ফেরিঘাট এলাকার আড়ৎদার বাবু সরদারের ঘরে নিয়ে আসলে বিশাল আকারের বাঘাড় মাছটিকে একনজর দেখতে অনেকেই ভিড় করেন। এসময় মোবাইল ফোনে অনেকে মাছের ছবি তোলেন।
মাছটি নিলামে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে মোট ৪৯ হাজার ৪০০ টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ কিনে নেন। পরে মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
দৌলতদিয়া শাকিল সোহান মৎস্য আড়ৎতের মাছ ব্যবসায়ী শাজাহান জানান, ৩৮ কেজি ওজনের মাছটি বিভিন্ন জায়গায় মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করেছি। রাজবাড়ী জেলার পদ্মা নদীতে মাঝে মধ্যেই জেলেদের জালে বড় বড় রুই, কাতল, মৃগেল, বোয়াল, পাঙ্গাস, চিতল, বাগাড়সহ বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরে।








