স্বাভাবিক অবস্থায় ফেব্রুয়ারির ১ তারিখ থেকে শুরু হয় অমর একুশে বইমেলা। তবে করোনা পরিস্থিতির কারণে এবার দু’সপ্তাহ দেরিতে আজ থেকে শুরু হচ্ছে এ মেলা। আজ বেলা তিনটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এ মেলার উদ্বোধন করবেন।
এখন পর্যন্ত সিদ্ধান্ত অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা। তবে কোভিড পরিস্থিতি উন্নতি সাপেক্ষে বইমেলার সময় বাড়ানো হতে পারে। প্রকাশকদের দাবি ১৭ মার্চ পর্যন্ত মেলার আয়োজন করা হোক।
এ প্রসঙ্গে গতকাল সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, দুই সপ্তাহের জন্য মেলা হচ্ছে। কোভিড পরিস্থিতি ভালো হলে মেলার সময় বাড়নো হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতির ওপর।
অন্যদিকে এবার মেলার অভ্যন্তরে খাবার স্টলে খাবার খেতে হলে ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। গতকাল বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এদিকে প্রতিবছর মেলা বিকেল ৩টায় শুরু হলেও এবার মেলা শুরুর সময় এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এ বছর প্রতিদিন মেলা শুরু হবে দুপুর ২টায়, আর শেষ হবে রাত ৯টায়। ছুটির দিন (শুক্রবার ও শনিবার) বেলা ১১টা থেকে মেলা শুরু করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।
এবার মেলায় ৫৩৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। ৭৭৬টি ইউনিটে স্টল থাকবে। থাকছে ৩৫টি প্যাভিলিয়ন। এবার অমর একুশে বইমেলার থিম ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।
স্টলে বসতে থাকতে হবে করোনা টিকার সনদ
গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলা উপলক্ষ্যে নিরাপত্তা অবস্থা পর্যবেক্ষণে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, যারা বিক্রেতা বা স্টলে বসবেন তারা করোনা টিকা দিয়েছেন মর্মে সনদ সাথে রাখতে হবে। নইলে জরিমানার ব্যবস্থা করবো।
আনন্দবাজার/শহক









