সংযুক্ত আরব আমিরাত থেকে প্রবাসী বাংলাদেশীরা কোনো ধরনের চার্জ ছাড়াই টাকা পাঠাতে পারবেন দেশে। আরএকে মানি ট্রান্সফারের মাধ্যমে পাঠানো টাকা ব্যাংক এশিয়ার অ্যাকাউন্টে তাতক্ষণিক জমা করা যাবে। ফলে প্রেরণকারীর পুরো টাকাটাই তার বেনিফিসিয়ারি উত্তোলন করতে পারবেন। পাশাপাশি পাঠানো টাকার ওপর বাংলাদেশ সরকার প্রদত্ত ২ শতাংশ বাড়তি প্রণোদনা পাবেন।
ব্যাংক এশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বাণিজ্যিক ব্যাংক আরএকে ব্যাংক যৌথভাবে প্রবাসী বাংলাদেশীদের জন্য চার্জ ফ্রি রেমিট্যান্স প্রেরণ সুবিধা চালু করেছে।
সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত যেকোন প্রবাসী বাংলাদেশী ঘরে বসে আরএকে ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা আরএকে ব্যাংকের শাখা থেকে চার্জ ফ্রি এ রেমিট্যান্স প্রেরণের সুবিধা পাবেন। আগামী ৩০ জুন পর্যন্ত এ সুবিধা চালু থাকবে।
এ বিষয়ে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফান আলী জানান, প্রবাসী বাংলাদেশীদের চার্জ ফ্রি রেমিট্যান্স প্রেরণ সুবিধা দিতে আরএকে ব্যাংকের সাথে যৌথভাবে এ সেবাটি চালু করতে পেরে আমরা অনেক আনন্দিত। এটি আমাদের দেশে রেমিট্যান্স সেবায় একটি মাইলফলক হিসেবে যোগ হয়ে থাকলো। বিশ্বব্যাপী করোনাকালীন পরিস্থিতিতে যৌথভাবে চালু করা এ সেবার মাধ্যমে আমরা প্রবাসী বাংলাদেশীদের কিছুটা হলেও সহযোগী হতে পারছি। যেন তারা দেশে তাদের পরিবার পরিজনের কাছে বিনা খরচে টাকা পাঠাতে সক্ষম হয়। দেশব্যাপী আমাদের ১২৮টি শাখা ও ৩ হাজার ৯০০ এর বেশি এজেন্ট পয়েন্টের মাধ্যমে আমরা মানুষের দোরগোড়ায় এ রেমিট্যান্সের টাকা পৌঁছে দেব।
আনন্দবাজার/তা.তা









