করোনার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে রেকর্ড হয়েছে। আজ সোমবার (২২ জুন) এশিয়া অঞ্চলে লেনদেন শুরু হতেই প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১হাজার ৭৫০ ডলার ছাড়িয়ে গেছে।
গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় দেড় শতাংশ। কিন্তু দেশে স্বর্ণের দাম গত মার্চে কমানো হলেও এখনো পর্যন্ত পুনঃনির্ধারণ করা হয়নি। জানা যায়, গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ফেব্রুয়ারি-মার্চে বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন হলেও সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে। সোমবার দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে গত এক সপ্তাহে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে দেড় শতাংশের ওপরে।
গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল ১হাজার ৪৫৪ ডলার। তারপর করোনার প্রকোপের মধ্যে ফেব্রুয়ারিতে ১হাজার ৬৬০ ডলারে উঠে যায়।
বিশ্ববাজারে স্বর্ণের এই দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও দাম বাড়ানো হয়। ফলে গত ফেব্রুয়ারিতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম রেকর্ড ৬১ হাজার ৫২৭ টাকায় ওঠে। তাছাড়া ২১ ক্যারেট ৫৯ হাজার ১৯৪ এবং ১৮ ক্যারেটের দাম ৫৪ হাজার ১৭৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতিতে স্বর্ণের দাম নির্ধারণ হয় ৪১ হাজার ৪০৭ টাকা।
আনন্দবাজার/এফআইবি







