প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলা করতে পারলে বাংলাদেশের চলতি অর্থবছরে অর্থনীতির প্রবৃদ্ধি জোরালো থাকবে বলে আশা করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। শুক্রবার এডিবির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।
এডিবির প্রতিবেদনে বলা হয়, দ্রুত বর্ধনশীল তৈরি পোশাকের রপ্তানির বড় বাজারগুলো থেকে চাহিদা কমায় বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ২০১৮-১৯ অর্থবছরের ৮ দশমিক ২ শতাংশ থেকে কমে ৭ দশমিক ৮ শতাংশে নামবে। তবে বিশ্বজুড়ে ভোক্তাদের মধ্যে আস্থার উন্নয়ন হলে ২০২১ সালে প্রবৃদ্ধি কিছুটা এগিয়ে ৮ শতাংশে উঠতে পারে।
এডিবির প্রতিবেদনে আরও বলা হয়, বর্ধনশীল আভ্যন্তরীণ চাহিদা ও প্রবাসী শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রার পরিমাণ বেড়ে যাওয়ায় চলতি অর্থবছরের প্রথম আট মাসে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি জোরালো রয়েছে। তবে করোনা মহামারীর কারণে রপ্তানি চাহিদায় বিপর্যয়,ভোগ সংকোচন হলে ও রেমিটেন্স কমে গেলে এই প্রবণতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ বলেন,বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি শ্লথ হলেও বাংলাদেশের অর্থনীতি ভালোই করছে। তবে করোনাভাইরাস বৈশ্বিক মহামারীর কারণে তার পতনের ঝুঁকি আছে। তিনি আরও বলেন, আরও তথ্য পাওয়া গেলে এই আউটলুক হালনাগাদ করা হবে। করোনার অভিঘাত মোকাবেলা ও প্রশমনে বাংলাদেশকে সহায়তা দিতে ও সহযোগিতা করতে এডিবি প্রতিশ্রুতিবদ্ধ।
আনন্দবাজার/ টি এস পি









