বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় ২০২০ সালে কমবে অর্থনৈতিক প্রবৃদ্ধি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানায়, ২০০৮-২০০৯ সালের অর্থনৈতিক মন্দার পর এ বছর প্রবৃদ্ধির গতি সবচেয়ে ধীর। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা বলেন, ২০২০ সালে বিশ্ব প্রবৃদ্ধি দুই দশমিক নয়ের নিচে থাকবে। বাণিজ্য যুদ্ধের কারণে গত বছর বৈশ্বিক প্রবৃদ্ধি ছিল ২০০৯ সালের পর সবচেয়ে কম।
আইএমএফের ধারণা ছিল, ২০২০ সালের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য যুদ্ধ প্রশমিত হওয়ায় বিশ্বের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে তিন দশমিক তিন শতাংশ। বর্তমানে সংস্থাটি ধারণা করছে, তার চেয়ে প্রবৃদ্ধি কমবে শূন্য দশমিক চার শতাংশেরও বেশি।
জর্জিভা জানান, ২০২০ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি গত বছরের চেয়ে নিচে নামবে। তবে সেটি কতোটা নামবে এবং কতো সময় পর্যন্ত এর প্রভাব থাকবে সেটি এখন অনুমান করা কঠিন।
আনন্দবাজার/ টি এস পি









