১০-১২ দিন আগেও নওগাঁর অনেক হাটবাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি মূল্যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। বর্তমানে হঠাৎ সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। মরিচের পাশাপাশি মূল্য বেড়েছে অন্যান্য সবজিরও।
গতকাল মঙ্গলবার নওগাঁ পৌরশহরের পাইকারি বাজারে মরিচ বিক্রি করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আষাঢ় মাসের শুরু থেকে বৃষ্টি হওয়ার কারণে জেলার মান্দা, বাদলগাছী এবং নওগাঁ সদর উপজেলার সবজি খেত বৃষ্টির পানিতে ডুুল্ল মরিচসহ নানা সবজি গাছের ব্যাপক ক্ষতি হয়েছে। তাই বাজারে চাহিদার তুলনায় মরিচ, পটল, ঢ্যাঁড়সসহ বিভিন্ন সবজির সরবরাহ কমে গেছে। বৃষ্টির কারণে মরিচসহ সব ধরনের সবজির মূল্য বেড়েছে।
নওগাঁ পৌরশহরের পাইকারি বাজারের ব্যবসায়ী জাহিদুল ও উত্তম কুমার জানান, আগে প্রতি দিন বাজারে যেখানে ৫০ থেকে ৬০ মণ মরিচের আমদানি হতো, এখন সেখানে ৩০-৩৫ মণ মরিচের আমদানি হচ্ছে। টানা বৃষ্টির কারণে আগামী দেড়-দুই মাস সবজির মূল্য বাড়তি থাকবে।
হঠাৎ করে কাঁচা মরিচের মূল্য বাড়ায় ক্ষোভ প্রকাশ করে নওগাঁ পৌরসভার বাঙ্গাবাড়িয়া এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, বর্ষার কারণে গাছ নষ্ট হইছে বলে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে বলে ব্যবসায়ীরা মূল্য বাড়িয়ে দিয়েছে। কিন্তু এমন পরিস্থিতিতো এখনো তৈরি হয়নি যে বাজারে মরিচ পাওয়া যাচ্ছে না। চাহিদা হিসেবে সরবরাহ ঠিক আছে। তারপরেও ব্যবসায়ীরা কারসাজি করে মূল্য বাড়িয়ে দিয়েছে বলে তিনি মন্তব্য করেন।
আনন্দবাজার/এইচ এস কে









