করোনা ভাইরাস প্রতিরোধে পুরো নারায়ণগঞ্জ জেলা লকডাউন করা হলেও তা উপেক্ষা করেই রহিম স্টীল মিলস তাদের উৎপাদন কাজ শুরু করেছে। এতে করোনা ঝুঁকিতে পড়েছে ওই কারখানায় কর্মরত প্রায় আড়াইহাজার শ্রমিক। গত ১৫ এপ্রিল থেকে সোনারগাঁয়ে চালু করা হয়েছে রহিম স্টীল মিল।
রহিম স্টীল মিলের শ্রমিকরা জানান, ১৫ এপ্রিল ফোন করে শ্রমিকদেরকে কারখানায় আনা হয় কাজে যোগ দেয়ার জন্য। এর আগে করোনা প্রাদুর্ভাবের কারণে কারখানাটি বন্ধ ছিল। কারখানায় শ্রমিকদেরকে কাজে যোগ দেয়ার জন্য কর্তৃপক্ষ চাপ প্রয়োগ করলেও তাদের স্বাস্থ্য সুরক্ষায় কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি বলে জানিয়েছেন তারা। কারখানায় শ্রমিকদের জন্য মাস্ক, হ্যান্ড গ্লাভস ও স্যানিটাইজারের কোন ব্যবস্থা নেই। তাছাড়া এ কারখানায় নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা এখানে এসে এক সাথে কাজ করছে এতে বাড়ছে করোনার আতংক।
এ বিষয়ে রহিম স্টীল মিলস এর চিফ অপারেটিং অফিসার ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান জানান, শ্রমিকদের বেতন ভাতা দেয়ার জন্যই মূলত তাদেরকে কারখানায় ডাকা হচ্ছে তবে আমাদের তৈরি রড ও একটি ক্যামিকেলের চাহিদা থাকায় সেই প্লান্ট গুলোতে উৎপাদন শুরু করা হয়েছে। করোনার নিয়ম মেনেই এখানে শ্রমিকরা কাজ করছে। লক ডাউনের মধ্যে কেন এ প্রতিষ্ঠান চালু করা হয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি জানান, করোনার জন্য তো শিল্প প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়নি।
আনন্দবাজার/শহক/ আহো








