মহামারি করোনার ভয়াবহতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভ্রান্তি সৃষ্টিকারী পোস্টের বিরুদ্ধে গত মঙ্গলবার ফেসবুক ও টুইটার ব্যবস্থা নিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়। কোভিড-১৯ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর কারণে এমন পদক্ষেপ নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারের কর্তৃপক্ষ। ট্রাম্প তাঁর পোস্টে লেখেন, ‘করোনা ফ্লু থেকেও কম প্রাণঘাতী।’
ফেসবুক এমন এক সময় ওই পোস্ট মুছে ফেলে, যখন তা প্রায় ২৬ হাজার বার শেয়ার হয়ে যায়। এ ব্যাপারে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘করোনা সম্পর্কে ট্রাম্পের ওই ভুল তথ্য আমরা সরিয়ে ফেলেছি।’
একজন প্রেসিডেন্টের পোস্টের বিরুদ্ধে এ রকম পদক্ষেপ নেওয়ার ঘটনা বিশ্বের বৃহত্তম এই সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য অনেকটাই বিরল। মঙ্গলবারের ঘটনার আগে প্রথমবারের মতো গত আগস্টে করোনা নিয়ে ট্রাম্পের বিভ্রান্তিকর একটি পোস্ট সরিয়ে ফেলেছিল ফেসবুক।
কোভিড-১৯ পজিটিভ হয়ে হাসপাতালে তিন রাত থাকার পর গত সোমবার ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে যান। এ সময় তিনি দেশবাসীকে বলেন, করোনা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। অপরদিকে ট্রাম্পের একই বিষয়ের টুইট সরিয়ে সেখানে সতর্কতামূলক লেবেল লাগিয়ে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। তারা বলেছে, করোনা সংক্রান্ত বিভ্রান্তিকর ও ক্ষতিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে তাদের যে নিয়মনীতি আছে, ট্রাম্পের টুইট তা ভঙ্গ করেছে।
আনন্দবাজার/এফআইবি









