মাত্র কয়েকদিনের ব্যবধানে দাম বেড়েছে বেশির ভাগ সবজির। অন্যদিকে আলুসহ ক্যাপসিকাম, চিচিঙা, গাজর ও লাউয়ের দাম কিছুটা নিম্নমুখী রয়েছে। মাছ-ডিমের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে দেশি ও পোলট্রি মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে মুরগি। অন্যদিকে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে ভোজ্যতেল, চাল, পেঁয়াজ, আদা ও রসুন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য পাওয়া যায়।
এসব বাজারে অধিকাংশ সবজির দাম বাড়লেও বেশ কয়েক প্রকার সবজির দাম কেজি প্রতি ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। কেজিতে ৩০ টাকা কমে বর্তমানে ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা, কেজিতে ২০ টাকা কমে চিচিঙা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, লাউ প্রতি পিস ৪০ টাকা, ১০ টাকা কমে গাজর বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা, কেজিতে ৫ টাকা কমে বর্তমানে আলু বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে।
আনন্দবাজার/তাঅ









