প্রতি বছর ঈদের সিনেমা মানেই শাকিব খান। গত ১৫ বছরে এই নিয়মের একটুও নড়াচড়া হয়নি। কিন্তু এই দীর্ঘ একটা নিয়ম পরিবর্তন করে দিলো করোনা ভাইরাস।
করোনার প্রভাবে চলতি বছর বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ঈদুল ফিতরে সব সিনেমা হল বন্ধ থাকছে। আর এই কারণেই ১৫ বছর পর এবারের ঈদের বড় পর্দায় দেখা যাবে না শাকিব খানের কোন সিনেমা।
ঈদে মুক্তির অপেক্ষায় ছিলো শাকিব খানের ‘বিদ্রোহী’ সিনেমা। তবে ‘বিদ্রোহী’ নিয়ে নিজের নামের সাথে খুব একটা আশাবাদী ছিলেন না ঢাকাই চলচ্চিত্রের এই শীর্ষ নায়ক। তাই চমক হিসাবে ‘নবাব এলএলবি’ নামের একটি সিনেমার ঘোষণা দেন তিনি। ঈদে মুক্তির জন্য ২৮ মার্চ থেকে শুটিং শুরুর কথা থাকলেও দেশের করোনা কারণে তা আর সম্ভব হয়নি।
তবে করোনায় বড় পর্দা বন্ধ থাকলেও ভক্তদের ঈদে হতাশ হওয়ার কিছু নেই। ঈদের ৭ দিন জুড়েই ছোট পর্দায় থাকছে এই নায়কের রাজত্ব। দেশের প্রতিটি বেসরকারি টিভি চ্যানেলেই ঈদের একাধিক সিনেমা দেখা যাবে শাকিব খানকে।
বর্তমানে করোনার এমন পরিস্থিতিতে গুলশান ২ নাম্বারের বাসায় ব্যায়াম করে আর সিনেমা দেখে সময় কাটাচ্ছেন শাকিব খান।
এই ব্যাপারে তিনি বলেন, এবার ঈদে নতুন সিনেমা মুক্তি না পেলেও টিভিতে আমার অনেকগুলো পুরাতন সিনেমা মুক্তি পাচ্ছে। এবার ঈদে সবগুলো চ্যানেল ঘুরে নিজের পুরোনো ছবিগুলো এক ঝলক দেখে নেব।
আনন্দবাজার/এইচ এস কে









