করোনাভাইরাসের কারণে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতি। ভয়াবহ সময় পার করছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ। এমন পরিস্থিতিতে মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) এর প্রধান রবার্তো আজেভেডো।
চলতি বছরের আগস্টের ৩১ তারিখ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন রবার্তো। মহামারি করোনার প্রভাব মোকাবিলায় যখন সংস্থাটির কঠিন সময় যাচ্ছে ঠিক সে সময়ে এমন সিদ্ধান্ত নেয়ায় সমালোচনার মুখে পড়েছেন তিনি।
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান রবার্তো আজেভেডো জানান, পদত্যাগের সিদ্ধান্ত তার ব্যক্তিগত। পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তার এ সিদ্ধান্ত মঙ্গলজনক ফল বয়ে নিয়ে আসবে বলে তিনি মনে করেন।
তবে করোনার এ সংকটজনক পরিস্থিতিতে তার পদত্যাগ পরিস্থিতি আরও জটিল করে তুলবে বলে মত দিয়েছেন অনেকেই। এর আগে ট্রাম্প প্রশাসনের সমালোচনার মুখে সংকটজনক পরিস্থিতি পার করছিল ১৬৪টি সদস্য দেশের সমন্বয়ে পরিচালিত এই সংস্থাটি।
উল্লেখ্য, ২০১৩ সাল থেকে বিশ্ব বাণিজ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন রবার্তো আজেভেডো।
আনন্দবাজার/ডব্লিউ এস









