ঝিনাইদহে কমছেই না সবজির দর। সপ্তাহ ব্যবধানে পাইকারি বাজারে প্রকারভেদে সবজির দাম বেড়েছে কেজিপ্রতি ৫ থেকে ১০ টাকা। এতে কৃষকরা খুশি হলেও নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে সবজির দাম। তবে বাজারে শীতকালিন নতুন সবজি উঠলে কমতে পারে দাম।
শহরের নতুন হাটখোলা সবজিবাজারে গিয়ে দেখা যায়, সকাল থেকেই জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে সবজি নিয়ে আসছেন কৃষকেরা। বর্তমানে বাজারে সবজির সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। পাইকারি বাজারে বেগুন ৪৫ থেকে ৫০ টাকা, টমেটো ৮০ থেকে ৮৫ টাকা, মুলা ৩০ থেকে ৩৫ টাকা, ফুলকপি ৪০ থেকে ৪৫ টাকা, মরিচ ৯০ থেকে ৯৫ টাকা, লাউ ৩০ থেকে ৩২ টাকা, বরবটি ৫০ থেকে ৫৫ টাকা ও পটল ২০ থেকে ২৫ টাকা দরে। বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। তবে সবজি কিনতে হিমশিম খাচ্ছে নিন্ম ও মধ্যআয়ের মানুষ।
নতুন হাটখোলা সবজি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন, বর্তমানে বাজারে যে সবজি বিক্রি হচ্ছে সেই সবজির বীজ ও চারা রোপণের সময় বৃষ্টিপাত হয়। ফলে নষ্ট হয়ে যায় অধিকাংশ সবজি ক্ষেত। সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। নতুন সবজি বাজারে উঠলে দাম কমতে পারে। ঝিনাইদহ জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় ৪ হাজার ৩৪৬ হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে ।
আনন্দবাজার/শহক








