যুদ্ধের প্রভাব-
- লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু করার পর বিশ্ববাজারে বিভিন্ন দ্রব্যের পাশাপাশি স্বর্ণের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহেই প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় একশ ডলার বেড়ে গেছে। বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এরই মধ্যে বাংলাদেশেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। তবে গত দুদিনে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম প্রায় ৫০ ডলার বেড়ে গেছে। ফলে যে কোনো মুহূর্তে বাংলাদেশে আবারও স্বর্ণের দাম বাড়তে পারে।
সবশেষ এক সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৪ দশমিক ৩৭ শতাংশ বা ৮২ দশমিক ৪৮ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৯৭০ দশমিক শূন্য ৭ ডলারে উঠে এসেছে। এর মধ্যে শেষ কার্যদিবসেই প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩৪ দশমিক ৮৬ ডলার বা ১ দশমিক ৮০ শতাংশ।
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম তিন হাজার ৯১ টাকা বাড়িয়ে ৭৪ হাজার ৭৬৬ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৩৩৩ টাকা বাড়িয়ে ৬৪ হাজার ১৫২ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫৩ হাজার ৪২১ টাকা।
এর আগে গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে স্বর্ণের দাম বাড়ায় বাজুস, যা কার্যকর হয় ১০ ফেব্রুয়ারি থেকে। সে সময় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা নির্ধারণ করা হয়।
বিশ্ববাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এক মাসের মধ্যে দেশের বাজারে দু’দফা স্বর্ণের দাম বাড়ানো হলো। তবে আবারও যে কোনো মুহূর্তে বাড়তে পারে এই দামি ধাতুটির দাম।
এদিকে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বেড়ে ১১ বছরের মধ্যে সর্বোচ্চ দামে উঠে এসেছে। জ্বালানি তেলের মতো বিশ্ববাজারে স্বর্ণের দামেও অস্থিরতা দেখা যাচ্ছে। এরই মধ্যে এই দামি ধাতুর দাম বেড়ে ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে উঠে এসেছে।









