দিনাজপুরের চিরিরবন্দরে যাত্রীবাহি কোচ খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে আরো ১২ যাত্রী। গতকাল শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার মোহনপুর ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
এ ঘটনায় আহতদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৭৩৪৫) নিয়ন্ত্রণ হারিয়ে মোহনপুর ব্রিজের পূর্ব পাশের গার্ডার ভেঙে খাদে পড়ে যায়।
স্থানীয়রা বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ, ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাহায্যে বাসের ভিতর থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করে। এছাড়া আহত অবস্থায় প্রায় ১২ জনকে উদ্ধার করে তাদের মধ্যে ৭ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিষয়টি নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, ধারণা করা হচ্ছে চালকের ঘুমঘুম ভাবের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।









