কর অব্যাহতি কমানোর পরামর্শ আইএমএফের
বাংলাদেশে জিডিপির তুলনায় কর আহরণ কম হওয়ার অন্যতম কারণ হিসেবে আয়কর, মূল্য সংযোজন কর-ভ্যাট ও আমদানি শুল্কে ব্যাপক মওকুফ সুবিধা দেয়ার বিষয়কে চিহ্নিত করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ। তারা পরামর্শ দিয়ে বলেছে, এসব সুবিধা কমিয়ে আনলে রাজস্ব আদায় বাড়বে।
গতকাল রবিবার রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বার্ডের (এনবিআর) নীতিনির্ধারকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেছে সফররত আইএমএফ প্রতিনিধি দল। প্রতিনিধি দলের সদস্যরা রাজস্ব আদায় বাড়তে কর অব্যাহতি সুবিধা কমানোর তাগিদ দিয়েছেন। তাদের যুক্তি, এই পদক্ষেপ নিলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে।
বৈঠকে আইএমএফ রাজস্ব আহরণের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছে। একই সঙ্গে চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় বাড়তি রাজস্ব আহরণের পরিকল্পনা সম্পর্কেও প্রশ্ন করেছে।
ঋণ নিয়ে আলোচনা করতে ১০ সদস্যের আইএমএফ স্টাফ মিশন গত বুধবার ঢাকায় এসেছে। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনান্দ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ঢাকায় অবস্থানকালে প্রতিনিধিদল অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন।
ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক হয়েছে। সিরিজ বৈঠকের অংশ হিসেবে গতকাল এনবিআরের সঙ্গে বৈঠক করে আইএমএফ।
এনবিআরের সঙ্গে বৈঠকে প্রতিনিধি দলের সদস্যরা ডিজিটাল সংযোগ স্থাপন বা ইন্টিগ্রেশনের ওপর জোর দেন। ভ্যাট বিভাগ ও কাস্টমসের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় কিনা- সে বিষয়টিও খতিয়ে দেখতে বলে। বৈঠকে এনবিআরের পক্ষ থেকে রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি ও সংস্কার বিষয়ক কার্যক্রম তুলে ধরা হয়। ভ্যাট, কাস্টমস ও আয়কর বিভাগ থেকে তিনটি পৃথক অবস্থানপত্র তুলে ধরা হয়।
আয়কর বিষয়ে এনবিআরের সদস্য আয়কর (নীতি) সামছুদ্দিন আহমেদ, ভ্যাট বিভাগের পক্ষে সদস্য (নীতি) জাকিয়া সুলতানা ও কাস্টমসের পক্ষে সদস্য শুল্ক (নীতি) মাসুদ সাদিক অবস্থানপত্র উপস্থাপন করেন।
বহুজাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ বলেছে, বাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপির তুলনায় কর আহরণ কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে আয়কর, মূল্য সংযোজন কর-ভ্যাট ও আমদানি শুল্কে ব্যাপক মওকুফ সুবিধা দেয়া। এসব সুবিধা কমিয়ে আনলে রাজস্ব আদায় বাড়বে।
বৈশ্বিক ও অভ্যন্তরীণ সংকটের পরিপ্রেক্ষিতে দেশের অর্থনীতিতে যে চাপ সৃষ্টি হয়েছে তা মোকাবিলায় আইএএমএফের কাছ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ সরকার। ইতোমধ্যে তিন কিস্তিতে ঋণ দেয়ার আভাস মিলেছে। তবে এ ঋণ পেতে বরাবরের মতো এবারও বেশকিছু শর্ত পূরণ করতে হবে সরকারকে। এর মধ্যে অন্যতম হচ্ছে রাজস্ব খাতে সংস্কার। তারই অংশ হিসেবে এনবিআরের সঙ্গে এই বৈঠক করে আইএমএফ।









