সেমি-ফাইনালের বৈতরণী পার হতে পারেননি শোভন চৌধুরী ও রাব্বী হাসান মুন্না। তবে ১০ মিটার এয়ার রাইফেলে মেয়েদের বিভাগে তা পারলেন নাফিসা তাবাস্সুম। এবং তার হাত ধরেই ইন্দোনেশিয়ার আইএসএসএফ গ্রাঁ প্রি’র এবারের আসরে প্রথম পদক পেল বাংলাদেশ।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের বিভাগে বাছাইয়ে ৬২৩.২ স্কোর করে ১৯ প্রতিযোগীর মধ্যে চতুর্থ হয়ে সেরা আট জনের সেমি-ফাইনালে ওঠেছেন নাফিসা। এবং চার জনের প্রথম সেমি-ফাইনালে দ্বিতীয় সেরা হয়ে জায়গা করে নেন পদকের লড়াইয়ে। সেখানে চার জনের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেন ২২ বছর বয়সী এই শুটার।
এছাড়া এই ইভেন্টে সোনা জিতেছেন রোমানিয়ার প্রতিযোগী লুরা-জর্জিটা ইলি ও রুপা পেয়েছেন ভারতের খাইরুন্নিসা সালসাবেলা।
এদিকে পুরুষ বিভাগে হতাশ হতে হয় বাংলাদেশকে। চার জন নিয়ে হওয়া প্রথম সেমি-ফাইনালে তৃতীয় হন শোভন। এবং দ্বিতীয় সেমি-ফাইনালে চার জনের মধ্যে চতুর্থ রাব্বী।
পুরুষ বিভাগের বাছাইয়ে শোভন পঞ্চম এবং রাব্বী ষষ্ঠ হয়েছিলেন। আব্দুল্লাহ হেল বাকির অনুপস্থিতিতে বাংলাদেশের তাদের ঘিরেই প্রত্যাশা ছিল। তবে তা পূরণ করতে পারেননি তারা।
আনন্দবাজার/টি এস পি









