রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সেন্ট পিটার্সবার্গের একটি হাসপাতালের আইসিইউতে অগ্নিকাণ্ডে করোনা আক্রান্ত রোগী পুড়ে মারা গেছে অন্তত পাঁচজন । গত মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টার দিকে পিটার্সবাগের সেন্ট জর্জ হাসপাতালে এমন ঘটনা ঘটে।
রুশ সংবাদসংস্থা ইন্টারফ্যাক্স নিউজ সার্ভিস জানিয়েছে, ভেন্টিলেটর শর্ট সার্কিটের কারণে হাসপাতালের ষষ্ঠ তলায় এ অগ্নিকান্ড ঘটে।
দেশটির দুর্যোগ মন্ত্রণালয় জানিয়েছে, আগুনের সূত্রপাত হওয়ার পর হাসপাতালটি থেকে ১৫০ জন করোনা রোগীকে নিরাপদে উদ্ধার করা হলেও এতে ঠিক কতজন আহত হয়েছেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে ব্লুমবার্গ।
হাসপাতালটিতে আগুনে পুড়ে যাদের মৃত্যু হয়েছে তারা সবাই আইসিইউতে ভেন্টিলেশনে ছিলেন। সেন্ট পিটার্সবার্গের ইমারজেন্সি বিভাগের একটি সূত্র ইন্টারফ্যাক্সকে জানায়, ভেন্টিলেটরগুলো সর্বোচ্চ সীমার মধ্যে থেকে কাজ করে যাচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত চাপ হয়ে যাওয়ায় ভেন্টিলেটরে আগুন লেগেছে।
রাশিয়ায় এমন একটা সময়ে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ড হল, যখন দেশটি ধীরে ধীরে লকডাউনের বিধি-নিষেধ শিথিলের পথে হাঁটছিল। দেশটির নির্মাণ, কৃষি ও কারখানার শ্রমিকেরা কাজে ফিরতে শুরু করেছিল।
আনন্দবাজার/তা.তা









