কিউবার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এই নিষেধাজ্ঞা দিলেন ট্রাম্প। ফ্লোরিডা অঙ্গরাজ্যে কিউবা থেকে আসা বিপুলসংখ্যক ভোটারের বসবাস করে।
গতকাল বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন, কমিউনিস্ট নির্যাতনের বিরুদ্ধে আমাদের অব্যাহত লড়াইয়ের অংশ হিসেবে আমি ঘোষণা করছি যে, আমাদের অর্থ মন্ত্রণালয় মার্কিন ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা জারি করবে যেন তারা কিউবায় কোনো সরকারি স্থাপনায় অবস্থান না করেন।
ট্রাম্পের এই নিষেধাজ্ঞা আরোপ করার কারণ, দেশটি থেকে যাতে মার্কিন নাগরিকরা সিগারেট এবং মদ আমদানি করতে না পারে। ট্রাম্প বলেন, আমি আমাদের ব্যবসায়ীদের প্রতি আহবান জানাবো যে, কিউবা থেকে যেন তারা সিগারেট এবং মদ আমদানি না করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, তার এই পদক্ষেপের ফলে কিউবার কমিউনিস্ট সরকারের সঙ্গে অসহযোগিতা করা হবে এবং মার্কিন ডলার সরাসরি কিউবার সাধারণ জনগণের পকেটে যাবে।
প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ওবামা-বাইডেন প্রশাসন কিউবার স্বৈরশাসক ক্যাস্ত্রোর সঙ্গে দুর্বল, বেদনাদায়ক ও একপক্ষীয় চুক্তি করেছিল যা কিউবার নির্যাতিত জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা। এতে কিউবার কমিউনিস্ট শাসকরা সমৃদ্ধ হয়েছেন। আমি ক্যাস্ত্রো সরকারের সঙ্গে সেই চুক্তি বাতিল করেছি।
আনন্দবাজার/টি এস পি









