প্রচণ্ড বৃষ্টিতে সৃষ্টি হয় বন্যা পরিস্থিতি। এর মাঝে বিয়ে করে নববধূকে সঙ্গে নিয়ে ঘরে ফিরছিলেন এক যুবক। একটি ব্রিজে তাদের গাড়িটি উঠতেই তীব্র পানির স্রোতে সেটি নদীতে গিয়ে পড়ে। স্থানীয়দের প্রচেষ্টায় প্রাণে বেঁচে গেলেন নবদম্পতি।
এনডিটিভি জানিয়েছে, ভারতের ঝাড়খণ্ডের পালামু জেলায় এই ঘটনাটি ঘটে। ইতোমধ্যেই নদীতে নবদম্পতির গাড়ি ডুবে যাওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।
জানা গেছে, রবিবার ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ও অন্যান্য জেলাগুলোতে একনাগাড়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হচ্ছিল। কিন্তু ওই দুর্যোগ মাথায় নিয়েই গাড়ি করে সদ্য বিয়ে করা বউকে নিয়ে বাড়ি ফিরছিলেন এক যুবক। পিছনে ছিল বরযাত্রীদের গাড়িও। তবে গ্রামে ফেরার পথে পড়ে মালয় নদী। সেই নদীর উপরে থাকা সেতু দিয়ে ধীরেসুস্থেই সামনের দিকে যাচ্ছিল গাড়িটি। কিন্তু হঠাৎ করে নদীর পানিতে ডুবে যায় সেতুটি এবং তীব্র স্রোতের টানে গাড়িটি সেতু থেকে নদীতে পড়ে যায়।
কিন্তু ভাগ্য সুপ্রসন্ন থাকায় এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন ওই নবদম্পতি। গাড়িটিকে ওভাবে ভেসে যেতে দেখে স্থানীয় মানুষজন নদীতে ঝাঁপ দেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা অনেক চেষ্টা করে ডুবন্ত গাড়িটির ভেতর থেকে বর-কনেকে বের করে আনেন।
স্থানীয় যুবকেরা যেভাবে ওই দম্পতিকে বাঁচান, ভিডিওটি দেখলে যে কেউ হতবাক হয়ে যাবে। রীতিমতো নাটকীয়ভাবে উদ্ধার করা হয় নবদম্পতিকে। এই ঘটনায় নেটিজেনরা ওই এলাকার যুবকদের প্রশংসায় মেতে উঠেন।
আনন্দবাজার/এফআইবি









