মাত্র এক সপ্তাহের ব্যবধানে নাটোরে প্রতি কেজি পেঁয়াজের দাম কমেছে ১৫ থেকে ২০ টাকা। কন্দ জাতের পেঁয়াজ রোপণ শুরু হওয়ার কারণেই নাকি বাজারে মজুত করা পেঁয়াজ আসা শুরু হয়েছে। এর ফলে হাটগুলোতে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় কমছে দাম। কিন্তু দাম কমায় ক্ষুব্ধ মজুতদার কৃষক ও ব্যবসায়ীরা।
এক সপ্তাহ পূর্বেও নাটোরে প্রতি কেজি পেঁয়াজ ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি হয়েছে। বর্তমানে দর কমে ৬০ থেকে ৬৫ টাকায়। গত ১৪ সেপ্টেম্বর থেকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণার পর জেলার বড় বড় কৃষক ও মজুতদার ব্যবসায়ী পেঁয়াজ মজুত করেন। এতে করে হাটবাজারে পেঁয়াজের সরবরাহ কমার কারণে ৪০ টাকার পেঁয়াজ বিক্রি হয় ৮০ থেকে ৮৫ টাকায়।
কিন্তু অক্টোবরের মাঝামাঝি সময় থেকে আগাম জাতের কন্দ পেঁয়াজ রোপণ শুরু হলে হাটবাজারে বেড়ে যায় সরবরাহ। এতে দামও কমছে।
গত বছর পেঁয়াজের দর না কমার কারণে এবার এ জেলায় প্রায় ৫০ হাজার টন পেঁয়াজ মজুত করা হয়েছে বলে জানায় স্থানীয় কৃষি বিভাগ। এক সপ্তাহের ব্যবধানে দাম কমে যাওয়ায় ক্ষুব্ধ মজুতদার কৃষক ও ব্যবসায়ীরা।
গত বছর জেলার ৪ হাজার ৩০০ হেক্টর জমিতে ৭১ হাজার টন পেঁয়াজ উৎপাদন হয়। এবার সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।
আনন্দবাজার/এফআইবি









