প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটের নতুন সংস্করণ চালুর পর শুরু হয় বিড়ম্বনা। লেনদেনের ক্ষেত্রে নানা ঝামেলায় পড়েন বিনিয়োগকারীরা। এর প্রেক্ষিতে ডিএসইকে শোকজ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বিএসইসির কার্যালয়ে ডেকে নিয়ে শোকজের চিঠি দেয়া হয় বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
এদিকে শেয়ারবাজারে প্রি-ওপেনিং এবং পোস্ট ক্লোজিং সুবিধা চালুর বিষয়ে ডিএসই থেকে পাঠানো একটি চিঠির ভাষাও বিএসইসিকে বিব্রত করেছে। ফলে এ বিষয়ে নতুন করে আর একটি চিঠি দিয়েছে ডিএসই।
লেনদেনের গতি বেড়ে যাওয়ায় কয়েকদিন ধরেই ডিএসইর মাধ্যমে লেনদেন করতে সমস্যায় পড়েছিলেন বিনিয়োগকারীরা। ডিএসইর সফটওয়্যার ক্রয়-বিক্রয়ের আদেশ নিতে দীর্ঘ সময় নেয়ার পাশাপাশি মাঝে মধ্যে কোড পরিবর্তন হয়ে যাওয়ার অভিযোগও ওঠে।
এ পরিস্থিতিতে গত বুধবার (১৯ আগস্ট) থেকে নতুন ওয়েবসাইটের মাধ্যমে লেনদেন শুরু করে ডিএসই। নতুন এ সংস্করণ চালুর পর থেকেই ওয়েবসাইটে প্রবেশ করতে বিড়ম্বনায় পড়েন বিনিয়োগকারীরা। এমনকি একই সময়ে সূচক এক ডিভাইসে ঋণাত্মক, আর এক ডিভাইসে ধনাত্মক দেখানোর ঘটনাও ঘটে।
ডিএসইর ওয়েবসাইটের জটিলতা ও শোকজের বিষয়ে জানতে চাইলে বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, সার্ভিল্যান্সকে সমস্যার বিষয়টি দেখার জন্য মৌখিকভাবে বলা হয়েছে, ডিএসইকে চিঠি দেয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর ডিএসইর সঙ্গে আমরা বৈঠক করেছি এবং তাড়াতাড়ি সমস্যা সমাধান করতে বলা হয়েছে। ওরা শুক্রবার ও শনিবার কাজ করছে। তারপরও হয়তো কিছু সমস্যা থাকতে পারে। আমরা সবকিছু ক্ষতিয়ে দেখছি।
ডিএসইর এমডি কাজী ছানাউল হক বলেন, বাহির থেকে আমাদের ভেন্ডর (সফটওয়্যারের সেবাদাতা) ওয়েবসাইট আপডেট করার জন্য বলেছিল। সে কারণেই আমরা আপগ্রেড করছি। এটা ইনস্টল করতে গিয়ে প্রথম অবস্থায় আইটিতে একটু সমস্যা হয়েছিল। এটা না করলেও সমস্যা, আবার করতে গিয়ে সমস্যা হয়ে যায়। এখন এটা মোটামুটি একটা অবস্থায় আসছে। সবথেকে বড় কথা ওয়েবসাইট অনেক সময় হ্যাক হয়ে যায়।
আনন্দবাজার/ডব্লিউ এস









