জামালপুরের সরিষাবাড়ীতে নদীর চরাঞ্চলে ও তীরবর্তী এলাকায় ধনিয়া চাষে বাম্পার ফলন হয়েছে। চলতি বছর দাম ভালো পাওয়ার কৃষকের মুখে ফুটেছে হাসি। ধনিয়া চাষে খরচ কম হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের।
উপজেলা কৃষি অফিস জানায়, ধনিয়া উচ্চমূল্যের লাভজনক ফসল। তাই ধনিয়া চাষে কৃষকদের প্রযুক্তিগত পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে। এতে করে চাষিরা আধুনিক চাষ পদ্ধতির মাধ্যমে ফলন বেশি করে আর্থিকভাবেও লাভবান হতে পারবে। চলতি বছর উপজেলার ৮টি ইউনিয়নে নদীর তীরবর্তী স্থানের ৩৫ হেক্টর জমিতে চাষ হচ্ছে ধনিয়ার। বিগত বছরে অতি বৃষ্টির কারণে ধনিয়া চাষে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন কৃষকরা।
পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দ পোটল গ্রামের কৃষক রাসেল মিয়া বলেন, আমি নদীর কাছের ২০ শতাংশ জমিতে ধনিয়া চাষ করেছি। গত বছরও করেছিলাম। তবে বেশি বৃষ্টির কারণে ধনিয়া চাষ করতে গিয়ে লাভবান হইনি। চলতি বছর ধনিয়ার ফলন ভালো হয়েছে। আশা করছি গত বছরের লোকসান এ বছর পুষিয়ে নিতে পারবো।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বছর ধনিয়ার আবাদ ভালো হয়েছে। আমরা যে পরিমাণ ধনিয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলাম তার চাইতেও বেশি ফলন হয়েছে। ধনিয়া চাষে কৃষকদের বিভিন্ন পরামর্শ ও সহায়তা করেছে কৃষি বিভাগ।









