৮২ বছর বয়সী এক নারী ও তার ৬৪ বছর বয়সী মেয়ে চার দিন লিফটে আটকা ছিলেন। এ পরিস্থিতিতে জীবন বাঁচাতে তারা একে অপরের প্রস্রাব পান করেছেন বলে জানা যায়। ঘটনাটি ঘটেছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শানঝি প্রদেশে।
জানা যায়, ওই মা-মেয়ে চারতলা একটি বাড়ির লিফটে আটকা পড়েছিলেন। লিফটের ভেতর কোনো খাবার ছিলোনা। এবং ফোন করারও কোনো ব্যবস্থা ছিল না। এ অবস্থায় জীবন বাঁচাতে তারা একে অন্যের প্রস্রাব পান করেন। তবে প্রস্রাব পান করার ক্ষেত্রেও কোনো সরঞ্জাম ব্যবহার করতে পারেননি তারা। ফলে দুই হাতে একজনের প্রস্রাব ধরে অন্যজন পান করেছেন।
দীর্ঘ ৯৬ ঘণ্টা লিফটের ভেতর আটকে থাকার পর দমকল বাহিনী তাদের উদ্ধার করে। তারপর তাদের হাসপাতালে নেওয়া হয়।
তাদের চিকিৎসা দেওয়া চিকিৎসক, ডা. ইন বলেন, ওই দুই নারী বুদ্ধি করে একে অপরের 'ইউরিন' না পান করলে বেঁচে থাকাটা সম্ভবত সম্ভব হতো না।
ডা. ইন জানান, লিফটে আটকে থাকা অবস্থায় মেয়ের কাঁধে ওঠেন তার মা। এরপর লিফটের ভেতরের তাপমাত্রা কম রাখার জন্য বাল্ব ভেঙে ফেলেন। এরপর তারা বাল্বের ভেতরের সামান্য লোহা টেনে বের করে লিফটের দরজার মাঝখানে ঢুকিয়ে দেন। তাতে সামান্য ফাঁকা জায়গা তৈরি হলে সেদিক দিয়ে বাতাস আসতে থাকে। মা ও মেয়ে পালাক্রমে লিফটের সামান্য সেই ফাঁকা জায়গা দিয়ে আসা অক্সিজেন টেনে নিতেন। টানা চারদিন ও তিনরাত লিফটে আটকে ছিলেন তারা। চারদিনের দিন লিফটের দরজা কিছুটা ফাঁক করে সাহায্যের আহ্বান জানাতে পেরেছিলেন তারা।
আনন্দবাজার/টি এস পি









