করোনাভাইরাস আতঙ্কে গোটা মার্চ মাসজুড়ে দেশের শেয়ারবাজারে একের পর এক ধসের ঘটনা ঘটেছে। এতে তালিকাভুক্ত প্রায় সবকটি প্রতিষ্ঠানের হয়েছে দরপতন। ফলে মোটা অঙ্কের লোকসানে পড়েছে বিনিয়োগকারীরা। মার্চ মাসের দরপতনে শুধমাত্র তথ্যপ্রযুক্তি খাত থেকেই প্রায় তিন’শ কোটি টাকা হারিয়েছে শেয়ারবাজারের বিনিয়োগকারীরা।
তথ্যপ্রযুক্তি খাতের শেয়ারবাজারের তালিকাভুক্ত ১০টি কোম্পানি। এরই মধ্যে মার্চ মাসে ৯টি কোম্পানিরই শেয়ারের দরপতন হয়েছে। সম্মিলিতভাবে এই কোম্পানিগুলোর শেয়ারের দাম কমেছে ২৯৪ কোটি ৭২ লাখ ৫ হাজার টাকা। তবে পতনের বাজারে শুধু ইনটেকের শেয়ার দামটাই বেড়েছে।
বিশ্লেষকদের মতে, করোনাভাইরাসের প্রভাবে সারাবিশ্বের শেয়ারবাজারেই টালমাটাল অবস্থা। বাংলাদেশের শেয়ারবাজারেও এর ব্যতিক্রম ঘটেনি। শুধুমাত্র করোনাভাইরাস আতঙ্কে সরকারের পক্ষ থেকে নানা প্রকার সুবিধা দেয়ার পরও শেয়ারবাজার ঘুরে দাঁড়াতে পারছে না।
তাদের মতে, করোনাভাইরাস যেভাবে সারাবিশ্বে ত্রাস ছড়াচ্ছে তাতে শুধু শেয়ারবাজারই নয় সার্বিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। এমন চিন্তাভাবনা থেকেই বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সে কারণে হয়তো অনেকে লোকসানে বিক্রি করে দিচ্ছেন শেয়ার। তবে এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের ধৈর্য ধরা উচিত। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে অবশ্যই পুঁজিবাজারে ইতিবাচক প্রভাব পড়বে।
আনন্দবাজার/তা.তা








