ভারতের পর এবার রাশিয়ার ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করেছে চীন। রাশিয়ার শহর 'ভ্লাদিভোস্টক' কে নিজদের অংশ দাবি করেছে দেশটি। ভারত-চীন উত্তেজনার মধ্যেই রাশিয়ার বিরুদ্ধেও উত্তেজনা উসকে দিচ্ছে বেইজিং।
শুক্রবার (৩ জুলাই) ভ্লাদিভোস্টক শহরের ১৬০তম বর্ষপূর্তিতে বেইজিংয়ের রুশ দূতাবাস চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবো-তে অনুষ্ঠানের ভিডিও পোস্ট করে। আর তা নিয়েই চীনা কূটনীতিকদের একাংশ আপত্তি তোলেন। তাদের সমর্থন করেন চীনা সাংবাদিক ও বুদ্ধিজীবীরাও।
চীনা কুটনীতিকদের দাবি, ভ্লাদিভোস্টক শহরের আদি নাম ছিল ‘হাইশেনওয়াই’। কুইং সাম্রাজ্যের আমলে এই শহরটি চীনের অংশ ছিল। তারপর, ইউরোপে শিল্প বিপ্লব ঘটায় শুরু হয় উপনিবেশ স্থাপনের লড়াই। চীন দখল করতে লড়াই শুরু করে ব্রিটেন ও ফ্রান্স। দ্বিতীয় আফিম যুদ্ধে চীনের পরাজয়ের পর ১৮৬০ সালে ভ্লাদিভোস্টক শহর দখল করে নেয় রাশিয়া।
রুশ দূতাবাসের ভিডিওটি নিয়ে চীনা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের কর্মী শেন শিওয়েই বলেন, ১৮৬০ সালে ভ্লাদিভোস্টক শহরে সামরিক বন্দর তৈরি করে রাশিয়া। কিন্তু ওই শহরটি আসলে হাইশেনওয়াই। অসমান বেইজিং চুক্তির ফলে চীনের ওই শহরটি হাতিয়ে নেয় রাশিয়া। তাই উইবো-তে অনুষ্ঠানের ভিডিও কাম্য নয়।
ভ্লাদিভোস্টক নিয়ে বিতর্ক উসকে কী আদায় করত চাইছে চীন? বিশ্লেষকদের মতে, সম্প্রতি লাদাখ নিয়ে ভারতের সঙ্গে সংঘর্ষের আবহে নয়াদিল্লিকে অস্ত্র জোগান দিচ্ছে মস্কো। তাই 'হাইশেনওয়াই' শহরের কথা তুলে মস্কোর উপর চাপ সৃষ্টি করতে চাইছেন শি জিন পিং প্রশাসন।
আনন্দবাজার/ডব্লিউ এস









