প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে দেওয়া সাধারণ ছুটির জন্য সব ধরণের দোকান বন্ধ রয়েছে। তাই জুয়েলারি ব্যবসায়ী ও এই শিল্পের শ্রমিকরা প্রণোদনা চেয়েছেন। বাংলাদেশ জুয়েলারি সমিতি কর্মচারীদের বেতন-ভাতা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে একটি অংশ চেয়েছে।
২৬ এপ্রিল এক প্রেসবিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি জানায়, দেশে ছোট-মাঝারি ও বড় আকারের প্রায় ১৮ হাজার জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে। ৮০ হাজার শ্রমিক ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৮ হাজার মানুষ এই শিল্পের সাথে জড়িত। ছুটি দীর্ঘ হওয়ার কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নাভিশ্বাস হওয়ার মত অবস্থা। স্টাফদের বেতন ও দোকান ভাড়া দেওয়া এখন তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
প্রাচীন এই শিল্পকে বাঁচাতে হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ বিতরণ করা হলে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ অন্যান্য সমস্যা মোকাবিলা করতে পারবে।
তাছাড়া বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, নিম্নআয়ের স্বর্ণ শিল্পীদের রক্ষার্থে রেশন কার্ড বিতরণের মাধ্যমে রেশন সুবিধার আওতায় আনার।
আনন্দবাজার/এস.কে









