লেবাননের বৈরুতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য শান্তিরক্ষা মেডেল পেয়েছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনাইটেড ন্যাশন ইন্টেরিম ফোর্স ইন লেবানন (UNIFIL) এর মেরিটাইম টাস্কফোর্স-এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সার্জিও রেনাতো বার্নাসালগুইরিনহো বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয় এর কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনে কর্মকান্ডের স্বীকৃতিস্বরুপ এই মেডেল তুলে দেন। গত ৩ জুন ২০২০ তারিখে লেবাননের বৈরুতে মেডেল প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লেবানিজ নৌবাহিনীর কমান্ডার, কমান্ডার-ইন-চিফ সিনিয়র ক্যাপ্টেন হাইসাম দাননায়োউই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সমুদ্রসীমা নিয়ন্ত্রণের পাশাপাশি আন্তর্জাতিক পরিমন্ডলে জাতিসংঘের অধীনে পরিচালিত বিশ্বের একমাত্র মেরিটাইম টাস্কফোর্স-এ বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট ও প্যাট্রোল ক্রাফটসমূহ এক দশকের বেশি সময় ধরে শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে আসছে। ব্রাজিল, জার্মানী, গ্রিস, ইন্দোনেশিয়া ও তুরস্কের যুদ্ধজাহাজের সাথে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ও নৌসদস্যগণ ভূ-মধাসাগরের লেবানীজ জলসীমার নিরাপত্তা প্রদান ও অবৈধ সরঞ্জাম প্রবেশ রোধের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এতে নৌবাহিনীর সদস্যগণ পেশাগত দক্ষতা ও নৈপুন্য প্রদর্শন করে দেশ ও জাতির সুনাম বৃদ্ধি করছে।
আনন্দবাজার/টি এস পি









