করোনার কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে সড়কপথে আমদানি-রফতানি শুরু হয়েছে। দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের পর আজ শনিবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে।
জানা যায়, গত বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দুই দেশের প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের মধ্যে এ বৈঠক হয়।
এর আগে গত ২৩ মার্চ করোনার কারণে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ হয়ে যায়। গত ২৪ এপ্রিল ভারতের কেন্দ্রীয় সরকার আমদানি-রফতানির অনুমোদন দেয়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি না থাকায় এতোদিন বন্ধ ছিল আমদানি-রফতানি।
বৈঠক শেষে বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, করোনার কারণে দীর্ঘ আড়াই মাস ধরে এ বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ। করোনার এই সময়ে স্বাস্থ্যবিধিসহ অন্যান্য নির্দেশনা মেনে আজ শনিবার থেকে আমদানি-রফতানি শুরু করতে দু’দেশের নেতৃবৃন্দ একমত পোষণ করেছেন। প্রাথমিক পর্যায়ে আমদানি-রফতানির জন্য ৫০টি পণ্যবাহী ট্রাক দিতে ভারতীয় ব্যবসায়ীরা সম্মতি দিয়েছেন। পরে পরিস্থিতি দেখে ট্রাকের সংখ্যা আরও বাড়ানো হবে।
বেনাপোল স্থল বন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রফতানি কার্যক্রম চালু করতে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া ভারতীয় চালককরা যাতে পোর্টের বাইরে যেতে না পারে সে ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
আনন্দবাজার/টি এস পি








