মাংসের কিমা দিয়ে যেসব সুস্বাদু খাবার তৈরি করা যায় তার মধ্যে অন্যতম মিট লোফ। অনেকটা কেকের মতো দেখতে মাংসের তৈরি এই খাবার খেতে দারুণ সুস্বাদু। বিভিন্ন পারিবারিক আয়োজনে রাখতে পারেন মিট লোফ। তৈরি করতে উপকরণ এবং সময় কোনোটিই বেশি দরকার হবে না। তো চলুন জেনে নেয়া যাক মিট লোফ তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে-
মাংসের কিমা: ২৫০ গ্রাম
পাউরুটি: ১ টুকরা
আদা বাটা: আধা চা চামচ
রসুন বাটা: আধা চা চামচ
দুধ: ১ কাপ
কাঁচা মরিচ কুচি: ১টি
জিরা গুঁড়া: আধা চা চামচ
গরম মসলা গুঁড়া: আধা চা চামচ
গোল মরিচ গুঁড়া: আধা চা চামচ
পেঁয়াজ কুচি: ১টি
ধনেপাতা কুচি: পরিমাণমতো
সয়া সস: ১ চা চামচ
ডিম: ১টি
তেল: পরিমাণমতো
টমেটো সস: ১ চা চামচ
লবণ: স্বাদমতো।
যেভাবে তৈরি করবেন-
প্রথমে একটি পাত্রে পাউরুটি টুকরা করে দুধে ভিজিয়ে রাখুন। এরপর পেঁয়াজ, রসুন এবং আদা কুচি ভেজে নিন। তারপর দুধে ভেজানো পাউরুটির মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ, আদা এবং রসুন কুচি দিয়ে দিন। এর সাথে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, গোল মরিচ গুঁড়া, সয়া সস, টমেটো সস এবং স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখুন। তারপর তাতে ডিম দিয়ে আরও ভালোভাবে মাখান। এবার মিশ্রণটিতে মাংসের কিমা তার মধ্যে দিয়ে দিন। এবার ভালোভাবে মাখিয়ে তার উপর সামান্য টমেটো সস লাগিয়ে নিন।
মিটলোফ তৈরির জন্য একটি লোফ প্যান নিন তাতে ফয়েল পেপার লাগিয়ে নিন। তারপর তাতে সামান্য বাটার লাগিয়ে নিন যাতে তুলতে সহজ হয়। তারপর মিট লোফ লোফ প্যানে ঢেলে দিন। চুলায় একটি বড় পাত্র বসান। এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে মিট লোফ ভরা লোফ প্যানটা রেখে ঢেকে দিন, যেনো ঢাকনায় কোনো ছিদ্র না থাকে। এবার ৪০ মিনিট রেখে দিন। মিট লোফ তৈরি হয়ে গেলে নামিয়ে পাউরুটির আকারে কেটে তার উপর সামান্য লেবুর রস এবং ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।
আনন্দবাজার/টি এস পি









