অনেক ঝক্কিই পোহাতে হয় সিনেমার প্রযোজক হলে। নিজের অভিনীত ‘ছপাক’ ছবির প্রযোজক হিসেবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনও এর আগে অনেক ঝামেলা সামলেছেন। তবে নায়িকার প্রথম প্রযোজিত ছবি ‘ছপাক’ তেমন সাফল্য পায়নি।
তবে এই নায়িকা এবার স্বামী রণবীর সিং ও নিজের অভিনীত ছবি ‘এইটিথ্রি’নিয়েও বিড়ম্বনায় পড়েছেন। কারণ বিগ বাজেটের এ ছবির প্রযোজকদের তালিকায় কবীর খান, সাজিদ নাদিয়াদওয়ালা, বিষ্ণু বর্ধন ইন্দুরি, ফ্যান্টম ফিল্মস, রিলায়্যান্স এন্টারটেনমেন্টের সঙ্গে দীপিকার নামও রয়েছে।
এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনে রয়েছে ‘এইট্টিথ্রি’। রিলায়্যান্স এন্টারটেনমেন্টের সিইও শিবাশিস সরকার সে সব কাজের তদারকি করছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত হওয়ায় কথা হচ্ছে ছবির পোস্ট প্রোডাকশনের সব কাজ এখন থেকে দীপিকা দেখবেন।
অভিনেত্রী এই খবরে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পড়েছেন। বাকি প্রযোজকদের দীপিকা বলেন, একেবারেই ভুল খবরটি।
তিনি মনে করেন, এই মুহূর্তে পোস্ট প্রোডাকশনের সব দায়িত্ব নিতে পারেন একমাত্র কবীর খান, যিনি ছবির পরিচালক এবং প্রযোজকও।
‘এইটিথ্রি’ রিলিজ়ের কথা ছিল গত এপ্রিল মাসে। কিন্তু করোনাভাইরাস এবং লকডাউনের জেরে তা বাতিল হয়। ছবির পোস্ট প্রোডাকশনের বাকি থাকা কাজও আটকে যায়। এখন সেই কাজ শুরু হলেও ছবি কবে রিলিজ় হবে তার এখনও পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই।
আনন্দবাজার/এস.কে









