করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে টিকাদানে রেকর্ড গড়েছে বাংলাদেশ। ১ম ও ২য় ডোজ মিলে একদিনে এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম হয়েছে। এদিকে গতকাল করোনায় ৯ জনের মৃত্যু ও ৮৬৪ জন শনাক্ত হয়েছে।
গতকাল রবিবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি বলেন, এরমধ্যে ১ম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ। সবমিলিয়ে দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশকে টিকার আওতায় আনা হয়েছে। আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট প্রায় শতভাগ পূরণ করতে পেরেছি। নতুন করে গণটিকা কর্মসূচির সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে।
মন্ত্রী বলেন, করোনা নিয়ন্ত্রণে সাউথইস্ট এশিয়ায় বাংলাদেশ প্রথম হয়েছে। আমরা করোনা মোকাবিলায় সফলতা পেয়েছি। এর পেছনে অনেক কাজ করতে হয়েছে। হাসপাতালে ২০টি শয্যা করোনার জন্য আলাদা করতে হয়েছে। ল্যাব, অক্সিজেন প্ল্যান্ট স্থাপনসহ টেলিমেডিসিন সেবার ব্যবস্থা করতে হয়েছে।
জাহিদ মালেক বলেন, দেশে এখন পর্যন্ত ২০ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে টিকা নিয়ে অনিহা দেখেছি। বিভিন্ন জায়গায় টিকা না নিতে আন্দোলন, ভাঙচুর হয়েছে। কিন্তু আমাদের জনগণ টিকা নিয়েছেন, যে কারণে আমরা করোনা মোকাবিলা করতে পেরেছি।
নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা যারা নতুন নিয়োগ পেয়েছেন, তাদের অনেক কাজ করতে হবে। দেশে অসংক্রামক রোগ বেড়েছে, প্রায় ৭০ শতাংশ মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আপনাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও এমিরেটাস অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান প্রমুখ।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৬ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা) করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬৪ জন। এ সময়ে মারা গেছেন ৯ জন।
শনাক্ত হওয়া ৮৬৪ জনকে নিয়ে দেশে এখন পর্যন্ত সরকারি হিসাবে করোনা আক্রান্ত মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৪২ হাজার ৬৮০ জন। আর ৯ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট মারা গেলেন ২৯ হাজার ৩৩ জন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ছয় হাজার ২৬৪ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠলেন ১৮ লাখ ছয় হাজার ৬৮৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২১ হাজার ৫০৮টি আর পরীক্ষা হয়েছে ২১ হাজার ৫৪৩টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৩৩ লাখ ৭৬ হাজার ৭৩৪টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮৯ লাখ ৪৯ হাজার ৬০৮টি আর বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ লাখ ২৭ হাজার ১২৬টি।








