রাষ্ট্রায়ত্ত এ সার কারখানায় দৈনিক ৩০ হাজার বস্তা ইউরিয়া উৎপাদন হচ্ছে
রাষ্ট্রায়ত্ত সার কারখানা চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর আবার উৎপাদন শুরু করেছে। গত ২০ ফেব্রুয়ারি মধ্য রাত থেকে চট্টগ্রামের আনোয়ারার রাঙ্গাদিয়ায় অবস্থিত এ সার কারখানাটি উৎপাদন শুরু করে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কারখানাটি বন্ধ থাকায় বোরো মৌসুমে সার নিয়ে দুঃচিন্তায় ছিল সংশ্লিষ্টরা।
কারখানাটিতে প্রতিদিন গড়ে ১৫০০ টন (৩০ হাজার বস্তা) ইউরিয়া সার উৎপাদন হয় । যার বাজার মূল্য দেড় কোটি টাকা। সিইউএফএল সিবিএর যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, কারখানার উৎপাদন বন্ধ থাকায় আমরাও হতাশ ছিলাম। দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর এটি আবার সচল হলো। সিইউএফএল সূত্র জানায়, সর্বশেষ কারখানাটি গত ৩ ডিসেম্বর বন্ধ হয়ে যায়। এর আগে ২০২১-২২ অর্থবছরে ১ লাখ ২ হাজার ৯৩৬ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি। জানা যায়, বিসিআইসির নিয়ন্ত্রণাধীন এ কারখানায় স্বাভাবিক উৎপাদন ক্ষমতায় দৈনিক ১ হাজার ৭০০ টন সার উৎপাদনে সক্ষম হলেও বর্তমানে প্রতিদিন গড়ে ১৫০০ মেট্রিক টন (৩০ হাজার বস্তা) সার উৎপাদন হয় । যার বাজার মূল্য দেড় কোটি টাকা।
ইউরিয়া সারের বাইরে এ কারখানায় বিপুল পরিমাণ অ্যামোনিয়াও উৎপাদিত হয়। কারখানার উৎপাদিত এসব সার ২৫টির মতো জেলার চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া হয়। বিসিআইসির ডিলারদের মাধ্যমে এ সার সরবরাহ ও বাজারজাত করা হয়। দেশের ইউরিয়া সারের চাহিদা মেটানোর জন্য ৮০ দশকে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে কারখানাটি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৭ সালের ২৯ অক্টোবর কারখানায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।









