বাজারে আসছে ১০ টাকার নতুন নোট। শতভাগ কটন কাগজ এবং সম্পূর্ণ নতুন নিরাপত্তা সুতা সংযুক্ত ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট প্রচলন করেছে কেন্দ্রীয় ব্যাংক, যা আজ মঙ্গলবার থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে। তবে পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিস থেকে এই নতুন নোট ইস্যু করা হবে।
জানা গেছে, গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ়তা করা ও নোট জালকরণ রোধের লক্ষ্যে ১০০ শতাংশ কটন কাগজ দিয়ে তৈরি করা হয়েছে। নতুন নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১২৩ মিলমিটার ও ৬০ মিলমিটার পরিমাপের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে।
এছাড়া নতুন নিরাপত্তা সুতাটি পূর্বের প্রচলনে থাকা নোটের নিরাপত্তা সুতা অপেক্ষা অনেক উন্নত এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন। যা নোট জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করবে। নতুন এই নোটে বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রং ও ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বাঁ পাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে। নতুন নোটটি ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত।
আনন্দবাজার/এইচ এস কে









