গত সপ্তাহেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। তবে দৃঢ় নেতৃত্ব এবং ব্যাপক কৌশল গ্রহণের মধ্য দিয়ে প্রাণঘাতী এ ভাইরাসের ‘ধারা’ পরিবর্তন করার সময় এখনো চলে যায়নি বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস।
গতকাল শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বব্যাপী প্রতি সপ্তাহে এখন প্রায় ২০ লাখের বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। সম্পর্কিত খবর
তিনি জানান, যেসব দেশ দ্রুততার সাথে এ ভাইরাস মোকাবিলার পদক্ষেপ নিয়েছিল সেসব দেশে বড় ধরনের সংক্রমণ এড়ানো গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, কয়েকটি দেশ প্রাথমিক প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে পারলেও, পরবর্তীকালে লকডাউন বা বিধিনিষেধ তুলে নেয়ার পর সেখানে সংক্রমণ বেড়েছে এবং এখনো বিভিন্ন দেশ সংক্রমণের তীব্র পর্যায়ে রয়েছে।
করোনা সংক্রমণ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য ব্যবস্থা ও এ খাতের কর্মীদের সুরক্ষা নিশ্চিতের প্রক্রিয়া জোরদার করার আহবান জানান তিনি। তিনি বলেন, এখন করোনা মোকাবিলার এক জটিল মুহূর্ত চলছে।
আনন্দবাজার/টি এস পি









