করোনাভাইরাসের কারণে ইতালির ঐতিহাসিক শহর রোমের চেহারা পাল্টে গেছে। পর্যটকদের সংখ্যা কমে যাওয়ায় বন্ধ হয়ে গেছে বহু ব্যবসা প্রতিষ্ঠান। এর ফলে নেতিবাচক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে।
এমন জনশূন্য রোম স্মরণকালে কেউ দেখেনি। ঐতিহাসিক এই নগরীতে শীত, গ্রীষ্ম সকল ঋতুতেই থাকে পর্যটকদের সমাগম। করোনাভাইরাস এর কারণে রোমের চিরচেনা সেই রূপ পাল্টে গেছে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন রোমের ক্ষুদ্র ব্যবসা এবং বিভিন্ন কাজে নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরাও। প্রবাসীরা জানান, করোনার কারণে পর্যটক নেই, নেই তাদের ব্যবসাও।
নগরীর বিভিন্ন পর্যটন এলাকা ঘুরে দেখা গেছে, ইতালীয় ছাড়া সেখানে কোন বিদেশি পর্যটক নেই। যারা আছেন তারাও নগরীতে এসেছেন কাজে, ফাঁকে দেখে নিচ্ছেন শহরটি। ঐতিহাসিক নিদর্শন এবং জাদুঘরগুলোতে মানুষের আনাগোনা নেই বললেই চলে। এমন সময়ে নগরীর টাইবার নদীর তীরে মানুষের ভিড় থাকার কথা। কিন্তু সেখানেও শূন্যতা।
এদিকে করোনার প্রকোপ কমে আসলেও রোমের বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে এখনও পর্যটকের তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না।
আনন্দবাজার/ডব্লিউ এস









