আফ্রিকা মহাদেশের বতসোয়ানায় শতশত হাতির রহস্যজনক মৃত্যুর কারণ উদঘাটন করেছেন বিশেষজ্ঞরা। চলতি বছরের জুলাইয়ের শুরুতে আন্তর্জাতিক সংবাদমাধ্যগুলোতে দেশটিতে হাতির মৃত্যুর এই ঘটনা শিরোনাম হয়েছিল।
তবে ঠিক কী কারণে হাতিগুলোর এভাবে মৃত্যু হয়েছে, সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারছিল না কেউ। তবে দেশটির বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের দাবি, এবার সেই রহস্য উদ্ধার করা গেছে।
বিবিসি এক প্রতিবেদনে জানানো হয়, ৩৩০ হাতির মৃত্যুর জন্য পানিতে বিষক্রিয়াকে দায়ী করছেন বতসোয়ানার কর্মকর্তারা। তাদের ধারণা এক ধরনের আণুবীক্ষণিক শেওলা থেকে এ বিষাক্ত পদার্থের উৎপত্তি।
এ বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, কয়েক মাস ধরে দক্ষিণ আফ্রিকা, কানাডা, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের বিশেষ গবেষণাগারে অনুসন্ধান করে।
দেশটির মোট হাতির এক-তৃতীয়াংশ মহাদেশটির দক্ষিণাঞ্চলীয় দেশ বতসোয়ানায় রয়েছে। গত মে মাসের শুরুর দিকে পরিবেশ সংরক্ষণবাদীদের হাতির মৃত্যুর বিষয়টি প্রথম নজরে আসে। পরবর্তীতে তারা তদন্ত করতে গিয়ে এক মাস পর ৩৩০টি হাতির মৃত্যু ঘটনা নিশ্চিত করেন।
তবে দেশটির বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তাদের দাবি, এসব হাতির মৃত্যুর জন্য শিকারিরা দায়ী নয়।
বতসোয়ানার বন্যপ্রাণী ও জাতীয় উদ্যান বিভাগের প্রিন্সিপাল ভেটেরিনারি অফিসার মাদি র্যুবেন জানিয়েছেন, আমাদের পরীক্ষাগুলো সায়ানোব্যাকটেরিয়ার বিষক্রিয়াকে শনাক্ত করেছে এসব হাতির মৃত্যুর জন্য। পানিতে এই ব্যাকটেরিয়া পাওয়া গেছে।
আনন্দবাজার/টি এস পি









