গতকাল সোমবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে পাকিস্তানি সেনাদের গোলাবর্ষণে ভারতীয় সেনার এক জুনিয়র কমিশনড অফিসার নিহত হয়েছেন। নিয়ন্ত্ররেখার বাবখোরি এলাকায় পাকসেনারা গোলাগুলি চালালে ভারতীয় সেনার ওই অফিসার শহিদ হন।
জানা গেছে, বিনা প্ররোচনায় রাজৌরির নৌশেরা সেক্টরে গোলাবর্ষণ করে পাকিস্তান। তার জেরে প্রাণ হারিয়েছেন এক জেসিও। এই ঘটনার পর পালটা গোলাবর্ষণ শুরু করেছে ভারতও।
ভারতের এক প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, জম্মু অঞ্চলের যমজ জেলা রাজৌরি ও পুঞ্চের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দু'টি সেক্টরে পাকিসেনা ওপেন গুলি চালিয়েছে। সেইসঙ্গে মর্টার সেলও ছোড়া হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রাজৌরির নৌশেরা সেক্টরে ভারী গোলাবর্ষণ করে পাকিস্তান। সন্ধ্যা থেকে নৌশেরায় দু'পক্ষের ক্রস বর্ডার ফায়ারিং শুরু হয়। কিছুক্ষণ ধরে গোলাগুলি চলার পর তা বন্ধ হয়ে যায়।
এ ব্যাপারে সেনা মুখপাত্র জানিয়েছেন, রাত ৮টা ২০ মিনিটে আবারও পাক গোলাবর্ষণ শুরু হয়। এ বার পুঞ্চের দেগওয়ারকে টার্গেট করে বিনা প্ররোচনায় গুলি ছোড়ে পাকিস্তান। সঙ্গে মর্টার সেলও। গভীর রাত পর্যন্ত দু-পক্ষের ক্রস বর্ডার ফায়ারিং চলছে।
আনন্দবাজার/টি এস পি









