করোনাভাইরাসের মহামারীতে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং কাতারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে পরিবহন খরচ বেড়েছে তিনগুণ। ইরান-কাতার চেম্বার অব কমার্সের প্রধান আদনান মুসাপুর এ তথ্য জানায়।
তিনি জানিয়েছেন, একসময় কাতার ও ইরানের মধ্যে বাণিজ্যের পরিমাণ বেশ ভালই বেড়েছিল কিন্তু করোনাভাইরাসের মহামারীর কারণে এখন তা ব্যাপকভাবে কমে গেছে। ২০১৭ সালের জুন মাসে যখন সৌদি আরব এবং তার কয়েকটি মিত্রদেশ কাতারের ওপরে সর্বাত্মক অবরোধ আরোপ করার পর ইরান ও কাতারের মধ্যে ব্যাপকহারে দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ফার্সি বছরে ইরান থেকে কাতারে ৩৩ কোটি ৫০ লাখ ডলারের বিভিন্ন কৃষি পণ্য এবং নির্মাণ সামগ্রী রপ্তানি করা হয়। গত ১৯ মার্চে ফার্সি বছর শেষ হয়েছে। একই সময়ে কাতারের কাছ থেকে ইরান তিন কোটি ডলার মূল্যের পণ্য কিনেছে।
মুসাপুর জানান, করোনাভাইরাসের মহামারী দেখা না দিলে আর জাহাজ চলাচল বন্ধ না হলে বাণিজ্য ভারসাম্য আগের চেয়ে বেশি ইরানের অনুকূলে থাকতো। তিনি বলেন, করোনাভাইরাসের মহামারীর ফলে অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় বহু ইরানি কোম্পানি কাতারের সাথে লেনদেনের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে।
আনন্দবাজার/তা.তা









