যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের আদালতে দায়ের করা ভোট কারচুপির মামলা তুলে নিয়েছে ট্রাম্প শিবির।
এর আগে মিশিগানের ডেট্রয়েটের ওয়েইন কাউন্টিতে ভোট গণনা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছিল দুই রিপাবলিকান নেতা মনিকা পামার ও উইলিয়াম হার্টম্যান। তারা দাবি করেছিল, চাপ দিয়ে তাদের কাছ থেকে ভোটের স্বীকৃতি আদায় করা হয়েছে। তবে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প ফোন করার পরই দুই রিপাবলিকান গতকাল বৃহস্পতিবার মত বদলান।
বোর্ড থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার ওই দুই রিপাবলিকানসহ দলের সব নির্বাচনী কর্মকর্তাই ফল মেনে নিয়েছেন।
১৮ নভেম্বর রাতে এক এফিডেভিট জমা দিয়ে কাউন্টির নির্বাচন বোর্ডের চেয়ারপারসন মনিকা পালমার ও সদস্য উইলিয়াম হার্টম্যান জানান, তাদের চাপ দিয়ে সম্মতি আদায় করা হয়েছে। তারা জানান, কাউন্টির ভোট নিয়ে করা নিরীক্ষার ফল পাওয়ার আগে তারা এতে সম্মতি দেবেন না।
এর প্রতিক্রিয়ায় ওয়েইন কাউন্টির নির্বাচন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট জনাথন কিনোলচ বলেন, রিপাবলিকান সদস্যদের এমন অবস্থান নেওয়ার সময় পেরিয়ে গেছে। তাদের সম্মতির পরই কাউন্টি থেকে সার্টিফাই করে ভোটের ফল অঙ্গরাজ্যের নির্বাচন বোর্ডে পাঠানো হয়। এখন তা আবার ফিরিয়ে আনার কোনো নিয়ম নেই।
আনন্দবাজার/টি এস পি









