দুনিয়ায় এখন একমাত্র আলোচনার বিষয় প্রাণঘাতী মহামারি করোনাভাইরাস। বাস্তবেই বিরক্তিকর হয়ে উঠছে মানুষের জীবন। তারই মধ্যে কিছু ঘটনা, কিছু ছবি সামনে এসে মনটা ভালো করে দেয়। এরকমই এক ছবি সামনে এসেছে সামাজিক মাধ্যমে।
ছবিতে দেখা যাচ্ছে, ধানের খেত থেকে সব ফসল তোলা হয়ে গেলেও কিছুটা জায়গায় রয়ে গেছে ধানগাছ। কেন রাখা হয়েছে? কারণ একটাই- ওই জায়গাটিতে বাসা বানিয়েছে পাখি। আর সেই পাখির বাসাতে বেশ কয়েকটি ডিম রয়েছে। সেই ডিম যাতে নষ্ট না হয়, যাতে পৃথিবীতে আসতে পারে নতুন প্রাণ, সে কারণেই সেই অংশের ধান কাটেনি কৃষক।
ছবিটি দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সেই কৃষককে। একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, 'কৃষক চাইলেই ধানগুলো কেটে ফেলতে পারতেন। কিন্তু মানবিক কারণে পাখির বাসার অংশের ধান না কেটে এভাবেই রেখে দিয়েছেন তিনি। অন্য প্রাণীর ওপর আধিপত্য বিস্তারই কেবল আমাদের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয়। এক শ্রেণির মানুষ প্রকৃতির জন্য ভালোবাসা দেখিয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেন। এভাবেই প্রকৃতির ভারসাম্য বজায় থাকুক।'
অপর একজন লিখেছেন, 'পৃথিবীতে এখনো এমন ভালো চিন্তার মানুষ আছেন দেখে ভালো লাগছে। এই হিংসার পৃথিবীতে আজকাল জীবজন্তুরা নিরাপদ নয়। তবে কিছু মানুষ এখনো মানুষ রুপেই আছেন। এমন মানুষরাই পশুপাখিদের রক্ষা করেন।'









