আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮তলা ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে কনকর্ড গ্রুপের রিভিউ আবেদন খারিজ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে ১৮তলা ভবন এতিমখানাকেই দিতে হবে।
গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। আদালতে রিভিউ আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ. ওয়াই মসিউজ্জামান ও ব্যারিস্টার আখতার ইমাম। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
এর আগে ২০১৮ সালের ১২ মার্চ রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮তলা ভবন এতিমখানাকে বুঝিয়ে দিতে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ।
২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর এ বিষয়ে জারি করা এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গায় আবাসন প্রতিষ্ঠান কনকর্ডের তৈরি ১৮তলা ভবন এতিমখানাকে হস্তান্তরের আদেশ দেন। একইসঙ্গে চার দফা নির্দেশনা দিয়ে রায় দেন হাইকোর্ট।









