বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ফোর্বসের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের ২০০ কোম্পানির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের তিন প্রতিষ্ঠান। এই অঞ্চলের ১ বিলিয়ন ডলারের নিচের কোম্পানিগুলোকে নিয়ে মূলত এই তালিকা করা হয়েছে।
এ তালিকায় দেশের প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিটিক্যালসের পাশাপাশি স্থান পেয়েছে রেনেটা ও ফরচুন সুজ। যার মধ্যে স্কয়ার ও রেনেটা যথাক্রমে ১৯৫৮ ও ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হলেও ফরচুন সুজের প্রতিষ্ঠা হয়েছে মাত্র কয়েকবছর আগে, ২০১০ সালে।
সাধারণত বিশ্বের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, শীর্ষ আয়ের সেলিব্রেটি, শীর্ষ কোম্পানি, শক্তিশালী ব্যক্তি প্রভৃতির তালিকার জন্য বিখ্যাত ফোর্বস। ম্যাগাজিনটি তাদের ‘এশিয়া’র ২০০ বেস্ট আন্ডার এ বিলিয়ন ২০২০ র্যাংকিং’ এর প্রতিবেদনে বলছে, স্কয়ার ফার্মাসিটিক্যাল কোম্পানি ওষুধ ও রাসায়নিক দ্রব্যের ব্যবসা করে থাকে। যাতে করে তাদের বিক্রির পরিমাণ প্রায় ৫১২ মিলিয়ন মার্কিন ডলার, আর প্রতিষ্ঠানটির বাজার মূল্য প্রায় ১.৭১৬ বিলিয়ন ডলার। ৯ হাজার ২৩৪ জন কর্মী নিয়ে প্রতিষ্ঠানটির নিট আয় ১৫০ মিলিয়ন মার্কিন ডলার।
তালিকায় স্থান পাওয়া আরেক প্রতিষ্ঠান রেনেটার বিক্রির পরিমাণ ২৭১ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির বাজার মূল্য ১.০৭১ বিলিয়ন ডলার। ৭ হাজার ৩২৪ জন কর্মীর এ প্রতিষ্ঠানটির নিট আয় ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।
এছাড়া তুলনামূলক নতুন হলেও বাংলাদেশে পাদুকা খাতের প্রতিষ্ঠান ফরচুন সুজ ভালো ব্যবসা করছে বলে জানিয়েছে ফোর্বস। তাদের বিক্রির পরিমাণ প্রায় ১৮ মিলিয়ন ডলার, যার বাজার মূল্য ২৮ মিলিয়ন ডলার। যার মধ্যে নিট আয় ৩ মিলিয়ন ডলার। আর প্রতিষ্ঠানটি কর্মী রয়েছেন ১ হাজার ৭২৩ জন।
আনন্দবাজার/ডব্লিউ এস








