বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ভয়াবহ লড়াই চলছে। এতে পার্শ্ববর্তী দেশ ইরানে গিয়ে আঘাত হানছে দুই দেশের যুদ্ধের মিসাইল। দুই দেশের গোলাবারুদ ইরানের বিভিন্ন গ্রামে গিয়ে পড়ছে। এতে শঙ্কায় পড়েছেন ইরানের নাগরিকরা।
গতকাল শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ বলেছেন, কোনো পক্ষের আঘাতই ইরানের সীমানায় সহ্য করা হবে না। তিনি বলেন, ইরানের সীমানা লঙ্ঘনের বিষয়ে উভয় পক্ষকেই আমরা কঠোরভাবে সতর্ক করে দিচ্ছি। তাদেরকে এ বিষয়ে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে।
দুই দেশের সঙ্গেই ইরানের স্থলসীমা রয়েছে। গেল সপ্তাহে দুই দেশের যুদ্ধের মিসাইল ইরানের আর্মেনীয় সীমান্তবর্তী খোদা আফারিন কাউন্টির মোহাম্মদ সালেহলু গ্রামের কাছে আঘাত হেনেছে। তবে এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
ওই এলাকায় গত বুধবার চতুর্থতম মিসাইল আঘাত হেনেছে। তবে এই মিসাইলগুলো আজারবাইজান নাকি আর্মেনিয়া ছুড়েছে এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
আজারবাইজানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখানোরও আহবান জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। পাশাপাশি বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, সংঘাতের অবসান এবং সংলাপের ওপর গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, এসব লক্ষ্য বাস্তবায়নে সহযোগিতা করতে ইসলামি ইরান প্রস্তুত রয়েছে।
আনন্দবাজার/টি এস পি









