করোনার প্রভাবে এবার করপোরেট কর কমানোর উদ্যোগ নিয়েছে অর্থ মন্ত্রণালয়। তবে সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ করপোরেট কর কমানো হতে পারে এবং কমানো এই কর চলতি ও আগামী বাজেটে কার্যকর করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। দীর্ঘ দিন ধরেই বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারি দুই প্রতিষ্ঠান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) করপোরেট কর কমানোর দাবি করে আসছিলো। কিন্তু সে দাবির প্রতিফলন দেখা যায়নি। তবে এবার করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চলমান সাধারণ ছুটিতে ব্যাপক ক্ষতিতে পড়েছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো। তাই এ ক্ষতি কিছুটা কাটিয়ে উঠতে চলতি বাজেটের পাশাপশি আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেটে করপোরেট ট্যাক্স কমানোর উদ্যোগ নিয়েছে সরকার।
করোনার কারণে ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়ে সম্প্রতি অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাথে বৈঠক করেন অর্থমন্ত্রী। ওই বৈঠকে বর্তমান হরের চেয়ে করপোরেট ট্যাক্স সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ কমিয়ে একটি প্রস্তাব প্রস্তুত করতে বলেন অর্থমন্ত্রী। বর্তমানে এ বিষয়ে কাজ করছে এনবিআর।
দেশে বর্তমানে ৭ স্তরে করপোরেট কর আদায় হয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির ক্ষেত্রে পৃথক হার রয়েছে। তালিকাভুক্ত কোম্পানি ২৫ শতাংশ, তালিকাবহির্ভূত কোম্পানি ৩৫ শতাংশ, তালিকাভুক্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৩৭ দশমিক ৫০ শতাংশ, তালিকাবহির্ভূত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ৪০ শতাংশ, মার্চেন্ট ব্যাংক ৩৭ দশমিক ৫০ শতাংশ, সিগারেট কোম্পানি ৪৫ শতাংশ, মোবাইল অপারেটরে যথাক্রমে ৪০ ও ৪৫ শতাংশ কর্পোরেট কর বিদ্যমান রয়েছে।
আনন্দবাজার/রনি









